শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবির মধ্য দিয়ে পালিত হয়েছে শামসুন্নাহার হল নির্যাতন দিবস। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে বিভিন্ন ছাত্রসংগঠন কর্মসূচি পালন করে।দুপুর ১২টায় ওই ঘটনার স্মরণ ও প্রতিবাদ জানিয়ে মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি কলা ভবন প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ওই ঘটনায় ছাত্রীদের ওপর নির্যাতনকারী ছাত্রদলের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন শামসুন্নাহার হলের সামনের দেয়ালে প্রতিবাদী চিত্র অঙ্কন করেছে এবং হলের ভেতরে দেয়ালিকা নামে একটি পত্রিকা বের করেছে। ডাকসু ভবনের সামনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র ফেডারেশন।সকালে শামসুন্নাহার হলের টিভি কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সভায় বক্তারা ‘অগণতান্ত্রিক’ প্রক্টরিয়াল আইন বাতিল এবং হলে হলে দখলদারি ও ‘প্রশাসনিক স্বৈরতন্ত্র’ অবসানের দাবি জানান।২০০২ সালের ২৩ জুলাই শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর পুলিশের নির্মম নির্যাতন এবং এ ঘটনায় তৎকালীন উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী ও প্রক্টর নজরুল ইসলামের বিতর্কিত ভূমিকার কারণে আন্দোলন করেন শিক্ষার্থীরা।