শামসুন্নাহার হলে নির্যাতনকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোব্যাজ ধারণ, প্রতিবাদী আলোর মিছিল, বিক্ষোভ-সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে গতকাল শুক্রবার পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রী নির্যাতন দিবস। ওই ঘটনার আট বছর পূর্তি উপলক্ষে গতকাল সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করে বিভিন্ন ছাত্র সংগঠন। এসব কর্মসূচি থেকে শামসুন্নাহার হলে পুলিশি নির্যাতনের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশসহ ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। ২০০২ সালের ২৩ জুলাই পুলিশের পুরুষ সদস্য শাসমুন্নাহার হলে মধ্যরাতে অভিযান চালিয়ে ১৮ ছাত্রীকে গ্রেপ্তার করে। ওই ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রক্টর অধ্যাপক নজরুল ইসলাম এবং হল প্রভোস্ট অধ্যাপক সুলতানা শফি পদত্যাগ করেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠিত বিচার বিভাগীয় কমিশনের সুপারিশ অনুযায়ী অপরাধীদের শাস্তি দেওয়া হয়নি।সকাল ১০টায় হল মিলনায়তনে ছাত্রফ্রন্ট আলোচনা সভার আয়োজন করে। বেলা ১১টায় প্রতিবাদী দেয়ালচিত্র অঙ্কন করে ছাত্র ইউনিয়ন। এ ছাড়া বিকেল পাঁচটায় শামসুন্নাহার হল গেটের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র ‘শিরোনামহীন: ২৩ জুলাই’ প্রদর্শন করে সংগঠনটি। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিবাদী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগ।