শামসুল হক হত্যায় সাতজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার শামসুল হক হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পলাশ উপজেলার গালিমপুর গ্রামের আবদুল গাফফার, মারফত আলী, শরীফ মিয়া, আরিফ মিয়া, আলেক মিয়া, মোছা. রূপবান ও তোতা মিয়া। শরীফ ও আরিফ দণ্ডাদেশপ্রাপ্ত আলেক মিয়ার ছেলে এবং রূপবান তাঁর স্ত্রী। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শামসুল হক ও দণ্ডপ্রাপ্ত আসামিরা একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের সূত্র ধরে আদালতে মামলাও রয়েছে। শামসুল হক পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। শামসুল হককে অভিযুক্ত ব্যক্তিরা একাধিকবার মারধর করে আহত করেন।

আগের ঘটনার সূত্র ধরে ২০০৯ সালের ৩০ আগস্ট সন্ধ্যায় শামসুল হক ও তাঁর ছেলে জহিরুল হককে অভিযুক্ত ব্যক্তিরা কুপিয়ে আহত করে পাশের একটি গর্তে ফেলে চলে যান। এতে শামসুল হক মারা যান। জহিরুল গুরুতর আহত হন। এ ঘটনার পরদিন শামসুল হকের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে গাফফার মিয়াকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি নজরুল ইসলাম, হাফিজুল ইসলাম, নবিকুল মিয়া, মনির মিয়া, মো. শহীদুল্লাহ, মিজানুর রহমান, মো. রফিক, মো. আক্তার, মো. আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর, মো. মুসলে উদ্দিন, রাশিদা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ বলেন, রায়ের আগে বিজ্ঞ আদালত ১৩ জন্য সাক্ষ্য গ্রহণ করেন। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। মুঠোফোন বন্ধ থাকায় চেষ্টা করেও আসামিপক্ষের আইনজীবী শওকত আলী পাঠানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।