শামসুলসহ ২১ জনকে কারা ফটকে জিজ্ঞাসার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ২১ জনের জামিন এবং রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে তাঁদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে মহানগর হাকিম রহমত আলী এ আদেশ দেন। তবে আসামিদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার ২১ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন কোতোয়ালি থানার পুলিশ। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দেন। কারা ফটকে আসামিদের জিজ্ঞাসাবাদের আদেশ দেন পুলিশকে।

উল্লেখ্য, গত সোমবার ওই ২১ জনকে গ্রেপ্তারের সময় পুলিশ জামায়াতের দেওয়ান বাজারের কার্যালয় থেকে দেড় কেজি বিস্ফোরক, দুই লিটার পেট্রল ও ৬০টি কাচের বোতল উদ্ধার করে। বোতলগুলো পেট্রলবোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয় বলে পুলিশ জানায়। এ কারণে ২১ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ২১ জনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামায়াতের শিক্ষক সংগঠনের প্রধান হাবিবুর রহমান রয়েছেন। বাকিরা বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী ও মসজিদের ইমাম। তবে প্রত্যেকেই জামায়াতের সক্রিয় নেতা-কর্মী।