শামা ওবায়েদসহ ১৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
গতকাল এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ঢাকা হরতাল অবরোধ চলাকালে বাড্ডা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাড্ডা থানায় এ মামলা করে। পুলিশ তদন্ত শেষে গত বছরের ফেব্রুয়ারিতে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে শামা ওবায়েদ, মারুফ কামাল খান, শিরিন সুলতানা, সালাউদ্দিনসহ ১৬ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।