শামারুখ হত্যা মামলায় স্বামী-শ্বশুর-শাশুড়িকে অব্যাহতি
চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যার বিষয়ে কোনো আলামত না পাওয়ায় শামারুখের স্বামী হুমায়ুন সুলতান, শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা বেগমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
এই হত্যা মামলায় হুমায়ুন সুলতান, খান টিপু সুলতান ও জেসমিন আরা বেগমকে আসামি করা হয়েছিল।
মামলাটি তদন্ত করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী রুহুল কুদ্দুস। তদন্ত শেষে তিনি গত ২৯ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদীপক্ষ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেছেন। ১৪ মে নারাজি আবেদন শুনানির দিন ধার্য করেছেন আদালত। হুমায়ূন সুলতান কারাগারে আটক আছেন। তাঁর বাবা-মা জামিনে আছেন।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, শামারুখ মাহজাবিন মৃত্যুর আগে নিজের হাতে ডায়েরি লেখে যান। তা মাহজাবিনের হাতের লেখা কি না, সিআইডির হস্তলেখাবিশারদ দিয়ে তা পরীক্ষা করা হয়। ডায়েরির লেখা থেকে জানা যায়, তিনি বিষণ্নতায় ভুগছিলেন। মামলার এজাহারে বর্ণিত আসামি বা অন্য কেউ হত্যা করেছে, তদন্তকালে এ বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। মাহজাবিনের লেখায় তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এ ছাড়া জানালার গ্রিলের উচ্চতা সাড়ে পাঁচ ফুট। সহজেই গ্রিলের রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত বছরের ১৩ নভেম্বর শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বাবা নুরুল ইসলাম ওই দিন রাতে মেয়ের শ্বশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। ওই রাতেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। শামারুখ গত বছর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তাঁর শাশুড়ি ওই কলেজের অধ্যাপক।