শামারুখ হত্যা মামলায় স্বামীশ্বশুর-শাশুড়িকে অব্যাহতি
চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলায় তাঁর স্বামী হুমায়ুন সুলতান, শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা বেগমকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বাদীপক্ষের করা নারাজি আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এ হত্যা মামলা তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ শামারুখকে হত্যার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় গত ২৯ মার্চ চূড়ান্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে শামারুখের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। মামলাটি তদন্ত করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী রুহুল কুদ্দুস। চূড়ান্ত প্রতিবেদনে চিকিৎসক শামারুখ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, শামারুখ মৃত্যুর আগে নিজের হাতে ডায়েরি লিখে যান। ডায়েরির লেখা থেকে জানা যায়, তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এজাহারে বর্ণিত আসামি বা অন্য কেউ হত্যা করেছে, তদন্তকালে এ বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। শামারুখের লেখায় তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এ ছাড়া জানালার গ্রিলের উচ্চতা সাড়ে পাঁচ ফুট। সহজেই গ্রিলের রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব।
২০১৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার ৬ নম্বর সড়কে শ্বশুরের বাসভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামারুখ মাহজাবিনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।