শামারুখের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে ফের শঙ্কা
চিকিৎসক শামারুখ মাহজাবীনের দ্বিতীয় দফার ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবমুক্ত থাকবে কি না, তা নিয়ে ফের শঙ্কা প্রকাশ করেছেন তাঁর বাবা নূরুল ইসলাম। আজ রোববার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
প্রথম দফার ময়নাতদন্ত প্রতিবেদনে শামারুখের মৃত্যুকে ‘আত্মহত্যাজনিত’ উল্লেখ করা হয়। শামারুখের বাবা সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন ময়নাতদন্তের প্রতিবেদনের ক্ষেত্রে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছে। শামারুখের শ্বশুর সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন তাঁদের পক্ষে নিয়েছেন।
আজকের সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বিজ্ঞানবিষয়ক সম্পাদক জেসমিন আরা বেগম (শামারুখের শাশুড়ি); যিনি শামারুখ হত্যা মামলার আসামি। তাঁর প্রভাবের কারণে শামারুখের হত্যার প্রতিবাদে বিএমএ আজ পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি পালন করেনি। যে কারণে ধারণা জন্মে প্রভাব খাটিয়ে প্রথমবার ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়া হয়। বিএমএ কোনো কর্মসূচি পালন না করায় দ্বিতীয় দফার প্রতিবেদনের ক্ষেত্রেও সেই সন্দেহ থেকেই যাচ্ছে। তার পরও প্রতিবেদনটি সুষ্ঠু ও সঠিকভাবে দেওয়া হবে বলে আমরা আশাবাদী।’
শামারুখের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটা কাক মরে গেলে অন্য কাকেরা এসে ভিড় জমায়। শালিকের বাচ্চা মারা গেলে অন্য শালিক সেটিকে ধরে চিৎকার করে। কিন্তু ডা. শামারুখের মৃত্যুর পর চিকিৎসকরা প্রতিবাদে শামিল হননি।’ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হলেও বাংলাদেশের ডাক্তারদের সংগঠন বিএমএ টুঁ শব্দটি করেনি বলে তিনি অভিযোগ করেন।
নূরুল ইসলাম বলেন, মেয়ের হত্যার বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে’ বলে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন বলেও তিনি সাংবাদিকদের জানান।
শামারুখ যশোর-৫ (মনিরামপুর) আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলের বউ। গত ১৩ নভেম্বর ধানমন্ডিতে শ্বশুরের বাসায় শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন রাতে শামারুখের বাবা বাদী হয়ে শামারুখের শ্বশুর খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী এবং শামারুখের স্বামী হুমায়ুন সুলতানকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া হুমায়ুন সুলতান কারাগারে আছেন। খান টিপু ও তাঁর স্ত্রী হাইকোর্ট থেকে আগাম জামিনে আছেন।
১৪ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শামারুখের লাশ যশোর শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়। ২৩ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে শামারুখের মৃত্যু আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে ধানমন্ডি থানায় ময়নাতদন্তের প্রতিবেদন পাঠানো হয়।
ওই প্রতিবেদন চ্যালেঞ্জ করে নতুন করে ময়নাতদন্ত করার জন্য নূরুল ইসলাম আদালতে আবেদন করেন। ২৫ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা আবেদনের শুনানি শেষে যশোর শহরের কারবালা করবস্থান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ১৮ ডিসেম্বরের মধ্যে লাশ উত্তোলন করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত যশোরের সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে সেখানকার সরকারি হাসপাতালে শামারুখের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন।
এই নির্দেশনা অনুসারে ৪ ডিসেম্বর আবার ময়নাতদন্তের জন্য শামারুখের লাশ উত্তোলন করা হয়। দ্বিতীয় দফার ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আরও জানতে পড়ুন: