শামারুখের ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়ার আশঙ্কা বাবার
রাজধানীর ধানমন্ডিতে নিহত নারী চিকিৎসক শামারুখ মাহজাবিনের ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়ার আশঙ্কা করছেন তাঁর বাবা নূরুল ইসলাম। আজ বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ আশঙ্কার কথা জানান।
যশোর-৫ আসনের সরকারদলীয় সাবেক সাংসদ খান টিপু সুলতানের পুত্রবধূ শামারুখের লাশ গত বৃহস্পতিবার তাঁর ধানমন্ডির বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়। শামারুখকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তোলেন তাঁর বাবা যশোরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম। ওই রাতেই তিনি ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিহত শামারুখের স্বামী হুমায়ুন সুলতান, শ্বশুর খান টিপু সুলতান ও শাশুড়ি চিকিৎসক জেসমিন আরা বেগমকে আসামি করা হয়। স্বামী হুমায়ুন সুলতানকে রিমান্ডে নিয়েছে পুলিশ এবং শ্বশুর ও শাশুড়ি উচ্চ আদালত থেকে আগাম জামিনে আছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী লাশের ময়নাতদন্ত করা হয়। এ জন্য আমাদের পক্ষ থেকে কোনো তদবির বা চাপ নেই। অথচ ফরেনসিক মেডিসিনের প্রধান বলেছেন, “কেসটা নিয়ে আমরা ভীষণ চাপে আছি।” এই চাপটা দিচ্ছে কে?’ তিনি প্রধানমন্ত্রীর কাছে তাঁর মেয়ে হত্যার বিচার দাবি করেন।
শামারুখের বাবা অভিযোগ করে বলেন, মা–বাবা ও ছেলে মিলে ১৩ নভেম্বর তাঁর মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তিনি বলেন, ‘হত্যার পর লাশ বাথরুমের ভেল্টিলেটরের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। লাশের গলার কণ্ঠনালির ডান পাশে দুই আঙুল এবং বাম পাশে বৃদ্ধ আঙুলের দাগ ছিল। এ ছাড়া নখের আঁচড় ও বাম হাতের কবজির নিচে কাটা, পিঠে রক্ত জমাট বেঁধে থাকার চিহ্নও পাওয়া গেছে। এতেই হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হয়।’
নূরুল ইসলাম প্রশ্ন তোলেন, ‘বাথরুমের মেঝে থেকে ভেল্টিলেটরের উচ্চতা পাঁচ ফুট। অথচ তাঁর মেয়ে পাঁচ ফুট আড়াই ইঞ্চি লম্বা। কি করে ওই ভেল্টিলেটরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করা যায়?’
অভিযোগের বিষয়ে জানার জন্য খান টিপু সুলতানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে সংযোগ বন্ধ পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামারুখের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক বিএএফ শাহীন কলেজের সাবেক অধ্যক্ষ মকবুল হোসেন ও পরিবারের স্বজনেরা।