শামিয়ানা টানিয়ে পরীক্ষা গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার সকাল সাড়ে নয়টা। একের পর এক পরীক্ষার্থী প্রধান ফটক দিয়ে পরীক্ষার হলে ঢোকে। আকবর হোসেন একজন পরীক্ষার্থী। সে কালমেঘা দাখিল মাদ্রাসার ছাত্র। আকবরসহ তার মাদ্রাসার ১৩ জন পরীক্ষার্থী সকাল নয়টা ৫০ মিনিট পর্যন্ত কক্ষ খুঁজে পায়নি। পরে জানা গেল, এ ১৩ জনসহ ৩৪ জনের কক্ষ তৈরি হয়েছে ঈদগাহ মাঠে, শামিয়ানা টানিয়ে।একইভাবে পাথরঘাটার জালিয়াঘাটা কাসেমিয়া দাখিল মাদ্রাসা ও শিংড়াবুনিয়া উজির আলী দাখিল মাদ্রাসার আসন পড়েছে ঈদগাহ মাঠে। পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পূর্ব-উত্তর পাশে শামিয়ানা টানিয়ে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বুধবার বরগুনার পাথরঘাটা উপজেলার দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে।পরীক্ষার্থী আবদুল্লাহ আল-রাহাত ও ইমরানসহ কয়েকজন জানায়, খোলা আকাশের নিচে শামিয়ানার নিচে পরীক্ষায় অংশ নিতে হবে, এ রকম অবস্থা দেখে প্রথমে তারা অপ্রস্তুত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে অবশ্য স্বাভাবিক হয়ে যায়।পাথরঘাটা দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব ও পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা জানান, এ কেন্দ্রে যথেষ্ট কক্ষ না থাকায় এবং এ বছর পরীক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক বেড়ে যাওয়ায় ঈদগাহ মাঠে শামিয়ানা টানিয়ে পরীক্ষার নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।এ ব্যাপারে পরীক্ষার্থীদের অভিভাবক জানান, এভাবে খোলা মাঠে পরীক্ষার হল তৈরি না করে পাথরঘাটা কেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয় বা পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যেতে পারত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন জানান, জায়গা সংকুলান না হওয়ায় শামিয়ানা টানিয়ে ঈদগাহ মাঠে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনায় একটি বড় বেঞ্চে দুজন করে এবং দুই বেঞ্চের মাঝে কিছু জায়গা ফাঁকা রাখতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।