শামীম-আইভী বিতর্কে আ.লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়: হানিফ

নারায়ণগঞ্জে সরকারদলীয় সাংসদ শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভীর পরস্পরবিরোধী তির্যক মন্তব্যে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে মনে করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জে কোনো ঘটনা ঘটলেই শামীম ওসমান ও আইভী একে অপরকে দোষারোপ করেন—এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কি না—সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘এতে তো ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ন হয়। নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কমিটি নেই। সেখানে আমাদের সাংগঠনিক অনেক দুর্বলতা রয়েছে। দলীয় সভানেত্রী নির্দেশ দিয়েছেন সেখানে খুব দ্রুত কাউন্সিল করে কমিটি ঘোষণা করতে। কমিটি গঠনের পর হয় তো সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
‘প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র চলছে’ টিআইবির এমন গবেষণা প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে কখনো একনায়কতন্ত্র হয় না। বাংলাদেশেও এটা হয়নি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা এটা বলেনি।’
র্যাব বাতিলে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলের দাবির বিষয়ে হানিফ বলেন, ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলা যেতে পারে না। র্যাবের যদি সমাজবিরোধী কর্মকাণ্ড থাকে, সেটা বন্ধে যদি কেউ পরামর্শ দেয়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতে পারব।’
তিনি মনে করেন, নিখোঁজ অথবা গুম রয়েছেন—এমন প্রতিটি ঘটনার তদন্ত হওয়া দরকার, কী কারণে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। র্যাবের প্রতি সাধারণ মানুষের আস্থা ছিল, এখনো আছে। দু-একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় র্যাব বন্ধ করা অযৌক্তিক দাবি।