নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ বেগম কবরী অভিযোগ করেছেন, ‘এই আসনের সাবেক দুই সাংসদ শামীম ওসমান ও মুহাম্মদ গিয়াসউদ্দিন শুধু লুটপাট, খুন আর মানুষের ওপর অত্যাচার করেছেন।
একজন নারী হয়েও আমাদের এঁদের অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এই দুই সাবেক সাংসদের কিছু অনুসারী আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।’
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সম্মেলনকক্ষে সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে অংশগ্রহণ এবং আত্মকর্মসংস্থান উন্নয়নের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে সাংসদ কবরী এসব কথা বলেন।
কবরী বলেন, ‘শামীম ওসমান ও গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জে থেকেও এলাকার কোনো উন্নয়ন করেননি। আমি ঢাকা থেকে এসে এলাকার অনেক উন্নয়ন করেছি। তাই ভবিষ্যতে যাচাই-বাছাই করে ভোট দেবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলী হোসেন চৌধুরী।