শামীম ওসমান ইতিহাসের পাঠ নেননি: রফিউর রাব্বি
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ‘ত্বকী হত্যার বিচার চাইতে গিয়ে ত্বকী হত্যায় অভিযুক্ত ওসমান পরিবার দ্বারা আমাদের রোষানলে পড়তে হয়েছে। এই ত্বকী হত্যার বিচার চাইতে গিয়ে আমাদের বিভিন্নজনকে বিভিন্ন হুমকি-ধমকি, মামলা-মোকদ্দমা দিয়ে হত্যার বিচার চাওয়া থেকে বিরত থাকার ব্যর্থ চেষ্টা করা হয়েছে।’
নারায়ণগঞ্জে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৫০ মাস পূর্তিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির পর আয়োজিত সমাবেশে কথাগুলো বলেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। এ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ সোমবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে রফিউর রাব্বি বলেন, ‘ওসমান পরিবারের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদের মুখ বন্ধ করে দেওয়া। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, শামীম ওসমান ইতিহাসের পাঠ গ্রহণ করেননি। ৩৬ বছর পর বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার সংঘটিত হয়েছে। ত্বকী হত্যার জন্য ত্বকী হত্যার নির্দেশদাতা হিসেবে শামীম ওসমানকে হত্যাকারী হিসেবে তাঁর ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানকে অবশ্যই ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবতী, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলার সমন্বয়ক নিখিল দাস, ন্যাপের জেলার সভাপতি আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলার সভাপতি জাহিদুল হক প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তার টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়। সে সময় থেকে বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছে।