শামীম ওসমান যাদের হাতে অস্ত্র তুলে দেন তাদেরই হত্যা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকী মঞ্চের সমাবেশে বক্তারা
ত্বকী মঞ্চের সমাবেশে বক্তারা

নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, আওয়ামী লীগের নেতা শামীম ওসমান একের পর এক সম্ভাবনাময় যুবকের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও গুম করান। এরপর যখন এদের অত্যাচার অনেক বেড়ে যায়, তখন শামীম ওসমানই আবার এসব সন্ত্রাসীকে হত্যা করেন। রাস্তাঘাটে ফেলে রাখেন তাদের লাশ।গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি ওই সব কথা বলেন। তিনি বলেন, মাকসুদকে শামীম ওসমানের বাহিনী হত্যা করেছে, এটা নারায়ণগঞ্জের মানুষ বিশ্বাস করে। ওই সময় মাকসুদের স্ত্রীকে দিয়ে বলানো হয়েছিল, সেলিনা হায়াৎ আইভী তাঁকে হত্যা করেছেন। কিন্তু পরে মাকসুদের স্ত্রী নারায়ণগঞ্জের মেয়র আইভীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেছেন, চাপের মুখে তিনি ওই কথা বলতে বাধ্য হয়েছিলেন। একইভাবে ক্যাঙ্গারু পারভেজকেও শামীম ওসমান সরিয়ে দিয়েছেন। এখন পারভেজের স্ত্রীকে দিয়ে বলানো হচ্ছে, পারভেজকে গুম করেছেন আইভী।রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী মঞ্চের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বাড়িঘরের ইট-বালু নাকি থাকবে না। শামীম ওসমান শহীদ মিনারের ইটও খুলে নেওয়ার হুমকি দিয়েছেন। নুরুল আমিন, আইয়ুব খান, ইয়াহিয়া খানও শহীদ মিনারে হামলা চালিয়েছিলেন। আপনি সেই খানদের নব্য বংশধর হয়েছেন। খানদের  বিতাড়িত করেছিল এ দেশের জনগণ। আপনাকে তেমনি এ নগর থেকে বিতাড়িত করা হবে।’ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যার বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, প্রশাসন সন্ত্রাসীদের পক্ষে কাজ করছে বলেই নারায়ণগঞ্জে একের পর এক হত্যা ও ডাকাতির ঘটনা ঘটছে। সমাবেশে আরও বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, খেলাঘর নারায়ণগঞ্জের জেলা শাখার সভাপতি রথীন চক্রবর্তী, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ। কবি হালিম আজাদ বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ত্বকী মঞ্চের জন্ম। আমরা প্রতিবাদ করে যাব।’