শামীম ওসমানকে গ্রেপ্তারের গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানকে গ্রেপ্তার করা হচ্ছে—এই গুজবকে গতকাল শনিবার রাত দেড়টার দিকে তাঁর বাড়িতে নেতা-কর্মীরা ভিড় জমান। বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা ছুটে আসেন শহরের চাষাঢ়ায় শামীম ওসমানের পৈতৃক বাড়ি হীরা মহলে।

দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলও ‘শামীম ওসমানের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে’ বলে ব্রেকিং নিউজও প্রচার করে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি পুরোপুরি গুজব।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আজ রোববার সাংবাদিকদের বলেন, ‘শামীম ওসমানের বাড়িতে অভিযান চালানোর বিষয়টি পুরোটাই গুজব। কে বা কারা এই গুজব ছড়িয়েছে, তা জানি না। দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলও ব্রেকিং নিউজ দিয়েছে। বিষয়টি আদৌ সত্য নয়। এই মিথ্যা গুজবের পর শত শত নেতা-কর্মী হীরা মহলে ছুটে আসে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। পুলিশ শহরের চাষাঢ়ায় কোথাও কোনো অভিযান চালায়নি। এই ধরনের খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
এ ব্যাপারে সাংসদ শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘আমি ঢাকায় যাওয়ার পথে দলীয় নেতা-কর্মীরা আমাকে আটকে দেয়। বেসরকারি টেলিভিশনে ব্রেকিং দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। এই খবর পেয়ে আরও নেতা-কর্মীরা আমাদের বাড়িতে ছুটে আসে।’