শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি ত্বকী মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনায় সাংসদ শামীম ওসমানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল শুক্রবার ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তদন্তকারী সংস্থার মাধ্যমে শামীম ওসমান ও নূর হোসেনের কথোপকথনের রেকর্ড প্রকাশিত হওয়ার পর আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমানের সংশ্লিষ্টতা বেরিয়ে এসেছে। এই নূর হোসেন শামীম ওসমানেরই সৃষ্টি। তাঁরই ছত্রচ্ছায়ায় নূর হোসেন বেপরোয়া ও গডফাদারে পরিণত হয়েছিলেন। নূর হোসেনকে শামীম ওসমানই দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করেছেন বলেও সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহরণের পর শামীম ওসমান বলেছিলেন, নূর হোসেন এ কাজ করেননি। তাঁদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এ নিয়ে অপহরণ-খুনের মতো ঘটনা ঘটবে, সেটি তিনি বিশ্বাস করেন না। কিন্তু বিভিন্ন ঘটনাবলির মধ্য দিয়ে সাত হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমানের সংশ্লিষ্টতার সংবাদ প্রকাশিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে অতিসত্বর শামীম ওসমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ এবং এই হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে৷