শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি বিশিষ্ট নাগরিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে পালিয়ে যেতে সহায়তা দেওয়ার অভিযোগে সাংসদ শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা৷ গতকাল রোববার তঁারা পৃথকভাবে এ দাবি জানান৷
এদিকে এ হত্যাকাণ্ডের গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল সম্মিলিত আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা আইনজীবী সমিতি পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে৷
বেলা একটার দিকে সমাবেশ শেষে জেলা আইনজীবী সমিতির সামনে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সঙ্গে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ফোনালাপ শুনে আমরা স্তম্ভিত৷ ফোনালাপের প্রতিক্রিয়ায় গত শুক্রবার সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছেন, “র্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে (শামীম ওসমানকে) হুমকি দিয়ে বলেছেন, আমরা যদি না বাঁচি, আপনিও বাঁচতে পারবেন না৷” তাঁর এই বক্তব্য থেকেই আমরা স্পষ্ট বার্তা পাই৷ যদিও আমরা প্রথম থেকেই বলে আসছি, র্যাবের কিছু কর্মকর্তা ওই অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত৷ র্যাবের ওই কর্মকর্তার মন্তব্যে পরিষ্কার হয়, শামীম ওসমানও ওই ঘটনার সঙ্গে জড়িত৷ আমাদের দাবি, শামীম ওসমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক৷’
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাতজনকে অপহরণ শেষে হত্যার ঘটনার পর শামীম ওসমান বিভিন্ন টেলিভিশনের টক শোতে গেছেন৷ কিন্তু কোথাও তিনি বলেননি যে ঘটনার পর নূর হোসেনের সঙ্গে তঁার টেলিফোনে কথা হয়েছিল। অডিও ফঁাস হয়ে যাওয়ার পরই এ বিষয়ে মুখ খুলেছেন তিনি৷ সারা দেশের মানুষ জানে এবং বিশ্বাস করে যে নূর হোসেনকে শামীম ওসমানই পালিয়ে যেতে সহযোগিতা করেছেন৷ তাই তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক৷
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ফোনালাপে সাত খুনের ঘটনায় শামীম ওসমানের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে৷ তঁাকে অবিলম্বে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে নূর হোসেনের অবস্থান জানা যাবে। শামীম ওসমান এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, নাকি সহযোগী, নাকি মূল পরিকল্পনাকারী, তা-ও পরিষ্কার হবে৷
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, নূর হোসেনের সঙ্গে যোগাযোগ থাকা, তাঁকে আশ্বস্ত করা এবং পালিয়ে যেতে সহযোগিতা করায় শামীম ওসমানকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে৷ জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘নূর হোসেনকে দিয়ে শামীম ওসমানই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷ তঁাকে শিগগির গ্রেপ্তার করা হোক৷’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, সাতজনকে অপহরণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীকেও শামীম ওসমান ঘটনা জানিয়েছিলেন বলে দাবি করেছেন৷ তাঁর এ দাবি সত্য হলে শামীম ওসমান প্রধানমন্ত্রীকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছেন৷
২৭ এপ্রিল ওই সাতজনকে অপহরণ করা হয়৷ ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়৷