শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি ৪৪ শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক। গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে শিক্ষকেরা এই দাবি জানান।বিবৃতিতে বলা হয়, আশির দশক থেকে নারায়ণগঞ্জের সব প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের পরিচিত নাম রফিউর রাব্বি। এখনো নাগরিক অধিকার ও বিভিন্ন সামাজিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে তৎপরতার কারণে নারায়ণগঞ্জের একটি ‘বিশেষ মহলের’ পথের কাঁটা হয়েছেন রফিউর রাব্বি। তাঁর প্রতি দীর্ঘদিনের আক্রোশের নৃশংস বলি হতে হলো প্রিয় সন্তান তানভীরকে। বিবৃতিতে আরও বলা হয়, রফিউর রাব্বি তাঁর ছেলের হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে শামীম ওসমানের পরিবারকে দায়ী করেছেন। তার পরও তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না। বিবৃতিতে অবিলম্বে শামীম ওসমানসহ তানভীর হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ‘এ’ লেভেলের শিক্ষার্থী তানভীর ৬ মার্চ নিখোঁজ হয়। ৮ মার্চ শীতলক্ষ্যার তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকেরা হলেন মলয় ভৌমিক, অসীত রায়, এম গোলাম আরিফ, মো. সালাহ উদ্দিন, সুলতান-উল-ইসলাম, আ-আল মামুন, কাজী মামুন হায়দার প্রমুখ। বিজ্ঞপ্তি।