নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী নগরবাসীর উদ্দেশে বলেছেন, ‘শামীম ওসমানকে নয়, আল্লাহকে ভয় করুন। শামীম ওসমানকে
ভয় করলে আপনারা আরও মারা যাবেন। আর আল্লাহকে ভয় করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে এসব মুখোশধারীকে পিটিয়ে শহর ছাড়া করা কঠিন কিছুই না।’ শহরের দেওভোগে কলরব কিন্ডারগার্টেনের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
কিন্ডারগার্টেনের কার্যকরী পরিচালনা পর্ষদের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কিন্ডারগার্টেনের দেলোয়ার হোসেন, লায়লা হোসেন প্রমুখ।
মেয়র আইভী বলেন, ‘শামীম ওসমানের মতো মুখোশধারী মানুষের ভয়ে যারা ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ করছেন না, যারা মা-বোনের ইজ্জত নষ্ট হওয়ার পরেও বলতে পারে না, আমি তাদের বলব, আপনারা ওই অমানুষকে নয়, আল্লাহকে ভয় পেয়ে অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামুন।’