শামীম ওসমানকে 'মিথ্যাবাদী' বললেন মেয়র আইভী
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমানকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
ফতুল্লা প্রেসক্লাবে গত রোববার এক ইফতার মাহফিলে শামীম ওসমান অভিযোগ করেছিলেন, মেয়র আইভীর অসহযোগিতার কারণে নারায়ণগঞ্জে গ্যাসসংকটের সমাধান হচ্ছে না। এ অভিযোগের জবাবে গত সোমবার সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আইভী শামীম ওসমানকে নিয়ে ওই মন্তব্য করেন।
আইভী বলেন, শামীম ওসমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী। তিনি নিজের মুখেই বলেছেন, মানুষকে তিনি কুকুর মনে করেন। মানুষের জন্য কল্যাণকর কিছু করার যোগ্যতা তাঁর আর নেই। প্রকৃত মানুষ হলে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলে জনসমক্ষে তিনি এ কথা বলতে পারতেন না। তাঁর একমাত্র যোগ্যতা মানুষ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং মিথ্যা কথা বলা।
আইভী আরও বলেন, নারায়ণগঞ্জে গ্যাসের চাপ বাড়াতে সিদ্ধিরগঞ্জ থেকে পঞ্চবটী পর্যন্ত মোটা ব্যাসের পাইপলাইন বসানোর কাজের জন্য তিতাস গ্যাস সিটি করপোরেশনের রাস্তা কাটার অনুমতি চেয়ে আবেদন করলে যথাসময়েই তা দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান গত বছর এ কাজ উদ্বোধন করেন। পরবর্তী সময়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুণ্ডায় একটি রি-রোলিং মিলের মালিক, যিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত, তিনি তিতাসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলে পাইপলাইন বসানোর কাজ বন্ধ হয়ে যায়।