২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর দখলে নেওয়ার আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের ঘোষণার জবাবে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘শামীম ওসমানদের হুমকি-ধমকি-গুলি বিএনপি পাত্তা দেয় না। কারও রক্তচক্ষু, হুমকি-ধমকিতে বিএনপি তাদের কর্মসূচি থেকে পিছু হটবে না। কর্মসূচি এলে শামীম ওসমানরাই মাঠ ছেড়ে পালাবে।’ গতকাল শনিবার রাতে টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার বলেন, ‘বেলা ১১টা দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ হয়েছে। রাতে দলীয় হাইকমান্ডে বৈঠক চলছে। বৈঠক থেকে দলীয় চেয়ারপারসন যে ঘোষণা দেবেন, সেই অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন করা হবে।’
তৈমুর আলম বলেন, এর আগে নারায়ণগঞ্জে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনকালেও নানাভাবে হুমকি-ধমকি ও গুলি করা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে।