শামীম ওসমানের এক সাজার রায় বাতিল অন্যটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের তিন বছরের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী শামীম ওসমানের আপিল মঞ্জুর করে এ রায় দেন।এদিকে আয়কর ফাঁকির দায়ে শামীম ওসমানের আট বছরের সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন অপর একটি বেঞ্চ। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ওই সাজার রায়ের বিরুদ্ধে শামীম ওসমানের আপিলের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ব্যাপারে শামীম ওসমানের আইনজীবী গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, সম্পদের হিসাব না দেওয়ার মামলায় হাইকোর্ট শামীম ওসমানের তিন বছরের সাজার রায় বাতিল করেছেন। আর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর ফাঁকির মামলায় সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন অপর একটি বেঞ্চ। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, তিন বছর সাজার রায় বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে। সম্পদের হিসাব না দেওয়ায় ২০০৭ সালের ৪ এপ্রিল দুদক শামীম ওসমানের বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় বিচারিক আদালত তাঁকে তিন বছরের দণ্ড দেন। আর আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ২০০৭ সালের ৩০ মে মামলা করে। ওই বছরের ২৯ সেপ্টেম্বর বিচারিক আদালতে তাঁর আট বছরের সাজা হয়। ওই দুই রায়ের বিরুদ্ধে শামীম ওসমান চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্টে পৃথক দুটি আপিল করেছিলেন।