শামীম ওসমানের ঘনিষ্ঠ চেঙ্গীসের দেশত্যাগ!
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত ইব্রাহীম চেঙ্গীস গত জুনে কানাডায় চলে গেছেন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে তিনি দেশে ফিরবেন না। তিনি নারায়ণগঞ্জের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ গত ১০ জুন চেঙ্গীসকে নারায়ণগঞ্জে দেখা যায়। ক্যাঙ্গারু পারভেজকে গুমের প্রতিবাদে এবং ওই ঘটনায় মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বিকে গ্রেপ্তারের দাবিতে ওই দিন শামীম ওসমানের নেতৃত্বে শহরে মশাল মিছিল বের করা হয়। মিছিলে তাঁকে শামীমের পাশে দেখা যায়। এর পরই তিনি কানাডায় পাড়ি জমান। বর্তমান সরকারের আমলে চেঙ্গীস বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হন।
চেঙ্গীসের ভাই এমরান হোসেন প্রথম আলোকে বলেন, চেঙ্গীসের স্ত্রী, ছেলেমেয়ে কানাডায় থাকেন। কানাডায় শামীম ওসমানের স্ত্রীর বড় বোনের মেয়েকে তাঁর ছেলে ১৮ জুন বিয়ে করেছেন। ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি কানাডা গেছেন। আপাতত তিনি দেশে ফিরছেন না। কানাডায় তাঁর সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর চাইলে এমরান বলেন, তাঁর কাছে কোনো নম্বর নেই।
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, চেঙ্গীস গত জুনে তিন মাসের ছুটি নিয়ে কানাডা গেছেন। এর বেশি কোনো তথ্য তাঁর কাছে নেই।
চেঙ্গীসের ঘনিষ্ঠ সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানের শোচনীয় পরাজয়ের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়েন চেঙ্গীস। সর্বশেষ ত্বকী হত্যাকাণ্ডকে ঘিরে নারায়ণগঞ্জে ওসমান পরিবারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হলে শামীম ওসমানের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পড়েন তিনি। গত পাঁচ বছরে দল ও সরকারে শামীম ওসমান কোনো পদ পাননি।
জানা গেছে, ১৯৯৬ সালে শামীম ওসমান সাংসদ হওয়ার পর থেকেই তাঁর ছত্রচ্ছায়ায় নারায়ণগঞ্জের পরিবহন খাত নিয়ন্ত্রণ শুরু করেন চেঙ্গীস। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী শামীম ওসমানের পক্ষে প্রচারণা চালানোর সময় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে সেনাবাহিনী বিপুল টাকাসহ চেঙ্গীসকে ধরে পিটুনি দিয়ে ফতুল্লা থানায় সোপর্দ করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে কানাডায় পাড়ি জমান তিনি।
২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগেই চেঙ্গীস দেশে ফেরেন। নারায়ণগঞ্জ-৫ আসনে নাসিম ওসমান সাংসদ নির্বাচিত হওয়ার পর চেঙ্গীসকে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপাথের বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করেন নাসিম। বর্তমান সরকারের প্রায় পুরো মেয়াদেই চেঙ্গীস বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হয়ে নারায়ণগঞ্জের পরিবহন খাত নিয়ন্ত্রণ করেন।
গত ৪ সেপ্টেম্বর বন্ধন পরিবহনের বাসমালিকেরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় চেঙ্গীস বন্ধন পরিবহন থেকে সাত কোটি নয় লাখ ৫২ হাজার টাকা চাঁদা নিয়েছেন। সংবাদ সমেঞ্চলনে বাসমালিকেরা চেঙ্গীসকে চাঁদা দেওয়া বন্ধ করে দুই টাকা বাস ভাড়া কমানোর ঘোষণা দেন।