শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাড়ে চার বছরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড নামের পরিবহন থেকে সাত কোটি টাকা চাঁদা নেওয়া হয়েছে। যাত্রাপথে এসব চাঁদাবাজি করা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের ছত্রচ্ছায়ায়।
আজ সোমবার এক স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগ করেন বন্ধন পরিবহন লিমিটেডের ৩২ জন বাসমালিক। দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা এই স্মারকলিপি দেন। এতে তাঁরা চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
স্মারকলিপিতে বাসমালিকেরা উল্লেখ করেন, ২০০১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন পরিবহনের বাস চলাচল শুরু করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন হওয়ার এক দিন পর ৩০ ডিসেম্বর শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম চেঙ্গিস তাঁর ক্যাডার বাহিনী নিয়ে অস্ত্রের মুখে জোর করে বন্ধন পরিবহন দখল করেন। তাঁকে সহায়তা করেন স্থানীয় কয়েকজন সহযোগী। তাঁরা কয়েকজন মালিককে টেলিফোনে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন এবং মালিকদের বন্ধন অফিস থেকে বের করে দেন।
মালিকেরা বলেন, তখন তাঁরা কোনো প্রতিবাদ করার সাহস পাননি। কারণ, ওই সন্ত্রাসীরা সাবেক সাংসদ শামীম ওসমান ও বর্তমান সাংসদ নাসিম ওসমানের লোক।
মালিকেরা স্মারকলিপিতে বলেন, ইব্রাহিম চেঙ্গিস শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় ২০০৮ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১০ সালের জুন পর্যন্ত প্রায় দেড় বছর প্রতিদিন বন্ধন পরিবহন থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিতে থাকেন। সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানের পরাজয়ের পর মালিকদের প্রতিবাদের মুখে ইব্রাহিম প্রতিদিন ১১ হাজার ৫০০ টাকা করে নেওয়া শুরু করেন। এখন পর্যন্ত এই হারেই বন্ধন পরিবহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। সব মিলিয়ে বন্ধন পরিবহন থেকে ইব্রাহিম চেঙ্গিস ও তাঁর বাহিনী কমপক্ষে সাত কোটি নয় লাখ ৫২ হাজার ৫০০ টাকা চাঁদা নিয়েছে।
মালিকেরা বলেন, চাঁদাবাজি থেকে রক্ষা পেতে ২০১০ সালে র্যাব-১১-এর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা। কিন্তু তখন এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা ডিজিএফআই, র্যাব, ডিবি, সিআইডিসহ যেকোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে এর নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।
এ ব্যাপারে ইব্রাহিম চেঙ্গিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। চেঙ্গিস বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক। চেঙ্গিসের একমাত্র ছেলের সঙ্গে গত আগস্টে শামীম ওসমানের স্ত্রীর বড় বোনের মেয়ের বিয়ে হয়েছে।
এ ব্যাপারে শামীম ওসমানের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, নিয়ম মোতাবেক স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
এর আগে গত ২১ আগস্ট শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এহসানুল হক নিপুর বিরুদ্ধে গত সাড়ে চার বছরে কমপক্ষে ছয় কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ করেন নসিব পরিবহনের মালিকেরা।