শামীম ওসমানের নিন্দা জানাল সম্পাদক পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। পরিষদ এই বক্তব্যকে নোংরা, কুরুচিপূর্ণ ও কদর্য উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার করতে শামীম ওসমানের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল সোমবার সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার এক বিবৃতিতে এ কথা বলেন। সম্পাদক পরিষদ ছাড়াও শামীম ওসমানের বক্তব্যের নিন্দা জানিয়ে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এবং দোহার উপজেলা আওয়ামী লীগও বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে গোলাম সারওয়ার বলেন, সংসদ সদস্য তো নয়ই, একজন সাধারণ মানুষের মুখ থেকেও এ ধরনের অশ্লীল মন্তব্য কল্পনাও করা যায় না। পরিষদ মনে করে, শামীম ওসমান বিভিন্ন মহলের প্রশ্রয় পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। শামীম ওসমান তাঁর আচরণ ও উচ্চারণে শুধু নিজেকেই নয়, সংসদের মর্যাদাও ক্ষুণ্ন করেছেন। ওসমান পরিবারের ব্যাপারে সম্প্রতি প্রধানমন্ত্রী প্রশংসাসূচক মন্তব্য করেছেন। শামীম ওসমানের অশোভন বক্তব্যে প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলো।

গোলাম সারওয়ার বলেন, কোনো ভয়ভীতি, রক্তচক্ষু সাংবাদিকদের সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বিবৃতিতে বলেছেন, দেশের ঐতিহ্যবাহী সাংবাদিকতা পেশাকে নিয়ে শামীম ওসমান যে ভাষায় আক্রমণ করেছেন তা বিদ্বেষপ্রসূত। একজন সংসদ সদস্য হিসেবে তাঁর এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনীতিকদের দেউলিয়াত্বই প্রমাণ করে। বিবৃতিতে দাবি করা হয়, সম্প্রতি ওসমান পরিবারের পক্ষ নিয়ে সংসদে সরকারের শীর্ষ পর্যায় থেকে বক্তব্য আসার কারণেই শামীম ওসমান সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের ঔদ্ধত্য দেখিয়েছেন। তাঁর এই নিচুস্তরের মানসিকতা সংসদের মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে।

বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান যৌথ বিবৃতিতে শামীম ওসমানের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। গণমাধ্যম নিয়ে তাঁর এই বক্তব্যকে বর্তমান সরকারের গণমাধ্যমবিরোধী নীতির নগ্ন বহিঃপ্রকাশ বলে দাবি করা হয়।

ঢাকা জেলার দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন বিবৃতিতে শামীম ওসমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।