
সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। তবে পাঁচ পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডে শামীম ওসমানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না।
এই লিখিত বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন করা শুরু করলে শহীদ চেয়ারম্যান নিজেকে অসুস্থ দাবি করে চেয়ার থেকে উঠে পড়েন। এই অবস্থায় সাংবাদিকেরা একের পর এক প্রশ্ন করতে থাকলেও তিনি কোনো উত্তর না দিয়ে চলে যান৷
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়৷ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘নূর হোসেন-শামীম ওসমান ফোনালাপের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে’ শহীদুল ইসলাম এই সংবাদ সম্মেলন ডাকেন। তাঁর সঙ্গে উপস্থিত কয়েকজন নিজেদের নারায়ণগঞ্জের স্থানীয় আ.লীগের নেতা বলে দাবি করেন৷
লিখিত বক্তব্যে শহীদুল বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে সাংসদ শামীম ওসমানের ফোনালাপ নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। একটি গোষ্ঠী মামলা নিয়ে নোংরা রাজনীতি করতে এই ফোনালাপ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে শামীম ওসমানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে মনে করি না; বরং তিনি নজরুলকে দুবার বাঁচিয়েছেন। এবারও নজরুল অপহরণের পর তিনি তাঁকে রক্ষার চেষ্টা করেছেন।’
সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, পুরো বক্তব্যের বেশির ভাগজুড়েই শামীম ওসমানের পক্ষে বলা হয়েছে। তিনি শামীম ওসমানের পক্ষে সাফাই বক্তব্য দিচ্ছেন কি না? তাঁকে শামীম ওসমান সংবাদ সম্মেলন করতে পাঠিয়েছেন কি না? তিনি (শহীদ চেয়ারম্যান) একসময় তাঁর েময়ের জামাই নজরুল ইসলামের ফাঁসির দাবিতে মিছিল করেছেন, এ তথ্য সঠিক কি না? সর্বশেষ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত শনিবার নজরুল ইসলামের বাড়িতে গেলে শহীদ চেয়ারম্যানসহ তাঁর স্বজনেরা শামীম ওসমানের গ্রেপ্তার দাবি করে স্লোগান দেন, কিন্তু আজ আবার তিনি ঢাকায় সংবাদ সম্মেলন করে শামীম ওসমানের পক্ষে কথা বলছেন কেন? এমন অনেক প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। একপর্যায়ে চেয়ার ছেড়ে উঠে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি।
নজরুল ইসলামের শ্বশুরের দাবি, শামীম ওসমান ও নূর হোসেনের ফোনালাপের রেকর্ড যাঁরা প্রকাশ করেছেন, তাঁরাই এই হত্যার সঙ্গে সম্পৃক্ত। তাঁরা যদি জানেন, নূর হোসেন ওই সময় কোথায় কোথায় ছিলেন, তাহলে কেন গ্রেপ্তার করলেন না? শামীম ওসমানের মতো তিনিও এ প্রশ্ন তোলেন৷
লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, আরও কিছু ফোনালাপ ও বক্তব্যের রেকর্ড প্রকাশ পেয়েছে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ ও ঠিকাদার আবু সুফিয়ান, ব্যবসায়ী চান মিয়া, খুনি হিসেবে পরিচিত সেলিম, নূর হোসেনের বডিগার্ড হাসানের ফোনালাপও প্রকাশিত হয়েছে। কিন্তু তা নিয়ে তো কথা হচ্ছে না৷ তিনি প্রশ্ন তোলেন, ‘এখনো কেন আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাহলে এরাই কি ছিল মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা? তাদেরকে কি ওই গোষ্ঠী রক্ষার চেষ্টা করছে?’
শহীদুল ইসলাম বলেন, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যত বড় খুনিই হোক, তাঁকে গ্রেপ্তার করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, তার প্রতি তাঁদের আস্থা আছে৷ এ ছাড়া খুনের অভিযোগে গ্রেপ্তার র্যাব-১১-এর ক্যাম্প অধিনায়ক এম এম রানার সঙ্গে ত্বকী মঞ্চের নেতা ও ত্বকীর বাবা রফিউর রাব্বির সঙ্গে সুসম্পর্ক ছিল বলেও দাবি করেন তিনি৷
জানতে চাইলে রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ত্বকী হত্যা মামলার তদন্ত করছে র্যাব৷ মামলার বাদী আমি৷ সে জন্য মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি রবিউল ইসলাম আমার সঙ্গে যোগাযোগ করতেন৷ এম এম রানার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না৷’