শামীম ওসমানের বিচার হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকের কার্যালয়ে সাংসদ সারাহ্ বেগম কবরীকে গালাগাল করে শামীম ওসমানের মারমুখী ভঙ্গিতে তেড়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ। গতকাল মঙ্গলবার বিকেলে সমাবেশ ও মিছিল করে এই প্রতিবাদ জানানো হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ বলেন, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সামনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের নির্বাচিত সাংসদ সারাহ্ বেগম কবরীর সঙ্গে শামীম ওসমান সেদিন যে আচরণ করেছেন, দেশের প্রচলিত আইনে তা নারীর প্রতি সহিংসতার শামিল। এর জন্য অবশ্যই শামীম ওসমানের বিচার হওয়া উচিত।নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ডিআইটি বালুর মাঠে সমাবেশের আয়োজন করে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মো. শহীদুল্লাহ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা এম এ আউয়াল, ওয়াহিদ, যুবলীগের নেতা স ম আবদুল জলিল, মামুন চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।আওয়ামী লীগের নেতা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য শহীদুল্লাহ তাঁর বক্তৃতায় বলেন, শামীম ওসমান নিজেকে সিংহপুরুষ দাবি করলেও ২০০১ সালের সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই রাতের বেলায় দলের নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলে পালিয়ে যান। এত দিনেও তাঁর সন্ত্রাসী তৎপরতার কোনো পরিবর্তন ঘটেনি। শামীম ওসমান এবং তাঁর পরিবারের সদস্যদের সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ভয়ে মুখ খুলতে পারছে না। এতে আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শহীদুল্লাহ আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে গত শনিবারের সভায় শামীম ওসমান জনস্বার্থে নয়, বাসমালিকদের পক্ষে কথা বলেছেন। নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসায়ীদের জিম্মি করে শামীম ওসমান প্রতি মাসে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন। শামীম ওসমান ও তাঁর ক্যাডারদের চাঁদাবাজির কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া কমানো যাচ্ছে না।