শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগের ২ ঘণ্টা পর এমিলি আটক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগের দুই ঘণ্টা পর পুলিশ সাবেক তারকা ফুটবলার সম্রাট হোসেন এমিলিকে ধরে নিয়ে গেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এমিলি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সকাল সাড়ে সাতটার দিকে তিনি শহরের খানপুরের বাসা থেকে জিগুবাবুর কাঁচাবাজারে যাচ্ছিলেন। পথে তিনি নারায়ণগঞ্জ ক্লাবে ঢুকে সভাপতি কখন আসবেন তা জানতে যান। এ সময় শামীম ওসমানের দুই ক্যাডার পিস্তল ঠেকিয়ে তাঁকে ধরে নিয়ে যায়। নারায়ণগঞ্জ ক্লাবের রেস্ট হাউসে ছিলেন শামীম ওসমান। দুই ক্যাডার তাঁকে শামীম ওসমানের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে (এমিলি) মারধর করেন। মুখে পিস্তলের নল ঢুকিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দেন।
নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী দাবি করে এমিলি বলেন, কী কারণে শামীম ওসমান তাঁর সঙ্গে এমন করেছেন, তিনি সেটা জানেন না। মারধরের কথা জেনে এমিলির জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি জানান।
শামীম ওসমান সাবেক ফুটবলার এমিলিকে মারধর করেছেন—দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ খবর প্রচারিত হয়। এর দুই ঘণ্টা পর বেলা দুইটার দিকে পুলিশ এমিলিকে ধরে নিয়ে যায়। এ সময় তিনি বাড়ির পাশের খানপুর হাসপাতাল মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ফোন ধরেননি।