শামীম ওসমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অধিকতর তদন্তের সুযোগ থাকলেও ইসি তা করছে না।
গতকাল বুধবার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম তদন্তে কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এমনকি পুলিশ কর্মকর্তা বশির উদ্দিনও কোনো অভিযোগ করেননি। এই অবস্থায় কমিশনের পক্ষে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ঘটনাটি ভোট গ্রহণের আগে ঘটলে ইসি সহজে ব্যবস্থা নিতে পারত। তবে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজন মনে করলে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনী কাজে কেউ বাধা দিলে বা কাউকে ভয়ভীতি প্রদর্শন করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন।
ইসি সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, কমিশনের পক্ষে অধিকতর তদন্তের সুযোগ ছিল। কিন্তু তারা তা না করে অনেকটা দায়িত্ব এড়াতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে।
তবে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ গতকাল প্রথম আলোকে বলেন, তিনি এখনো কোনো চিঠি পাননি।
শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়। এ আসনে গত ২৬ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হন শামীম ওসমানের আরেক বড় ভাই সেলিম ওসমান। নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলে বাধা দিলে শামীম ওসমান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বশির উদ্দিনকে (অতিরিক্ত পুলিশ সুপার) মুঠোফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নির্বাচনী তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতার কথা উল্লেখ করা হয়েছে।
ঢাকা সিটিতে ভোটার তালিকা হালনাগাদ: ১ সেপ্টেম্বর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এবারও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ করবেন। তবে নিবন্ধনের সময় ভোটারদের সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে যেতে হবে। ইসি গত ১৫ মে থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে।