শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের এক পুলিশ কর্মকর্তাকে হুমকি ও ভোট গ্রহণে বাধা দেওয়ার অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পেয়েছে নির্বাচনী তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী, নির্বাচনী তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করেছে। রিটার্নিং কর্মকর্তা চাইলে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারেন। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পর্যন্ত এ-সংক্রান্ত চিঠি পাননি।
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়। এ আসনে গত ২৬ জুন উপনির্বাচন হয়। তাতে সাংসদ নির্বাচিত হন শামীম ওসমানের আরেক ভাই সেলিম ওসমান।
অভিযোগ উঠেছে, ভোটের দিন মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম ওই এলাকার ভোটকেন্দ্র দখল করতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার বশির উদ্দিন বাধা দেন। এ সময় আবদুস সালাম ওই পুলিশ কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন এবং তাঁর মুঠোফোন থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে ফোন করে তা বশির উদ্দিনকে ধরিয়ে দেন। শামীম ওসমান কেন্দ্র দখলের সুযোগ দেওয়ার জন্য বশির উদ্দিনকে চাপ দেন। বশির উদ্দিন তাতে রাজি না হলে একপর্যায়ে তাঁকে শামীম ওসমান হুমকি দেন।
এ অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ইসি ২৯ জুন নির্বাচনী তদন্ত কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম জজ হাবিবা মণ্ডলকে চিঠি দেয়। তদন্ত কমিটি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শামীম ওসমান, পুলিশ কর্মকর্তা বশির উদ্দিন, র্যাব কর্মকর্তা মেজর সোহেল ও ইউপি চেয়ারম্যান আবদুস সালামকে অভিযুক্ত করে ইসিতে প্রতিবেদন পাঠায়।
প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে ইসি বিষয়টি নতুন করে তদন্তের জন্য হাবিবা মণ্ডলকে চিঠি দেয়। এরপর জুলাইয়ের তৃতীয় সপ্তাহে হাবিবা মণ্ডল দ্বিতীয় দফা তদন্ত প্রতিবেদন পাঠান। তাতে অভিযুক্তদের তালিকা থেকে পুলিশ ও র্যাব কর্মকর্তার নাম বাদ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, মুদ্রণ ত্রুটির কারণে প্রথম দফা পাঠানো প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে র্যাব ও পুলিশের দুই কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়, শামীম ওসমান ও আবদুস সালামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে অধিকতর তদন্তের প্রয়োজন আছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, আরপিও অনুযায়ী, কমিশনের অধিকতর তদন্তের সুযোগ নেই। এ ধরনের অভিযোগ তদন্তের একমাত্র এখতিয়ার নির্বাচনী তদন্ত কমিটির। তাই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।