শামীম ওসমানের বিরোধিতাকারীর চামড়া তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি চন্দন শীল বলেছেন, ‘নারায়ণগঞ্জে কেউ কেউ শামীম ওসমানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। তাঁদের হুঁশিয়ার করে বলতে চাই, উল্টাপাল্টা কথা বললে পিঠের চামড়া তুলে নেব।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতাদের উদ্দেশে গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ওই কথা বলেন চন্দন শীল। ‘জামায়াত-শিবির, রাজাকারদের বাঁচানোর জন্য ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে’ ব্যানারে গতকাল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নগরে মিছিল শেষে ওই সমাবেশ করেন।
সমাবেশে শামীম ওসমানের অনুগত সব বক্তাই মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের পর গঠিত ত্বকী মঞ্চের নেতা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ ও ত্বকীর বাবা রফিউর রাব্বির বিরুদ্ধে কথা বলেন।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা অভিযোগ করেন, ‘নারায়ণগঞ্জে ত্বকী মঞ্চে যারা কথা বলে তারা আলবদর, রাজাকার। এদের কারও বাবা রাজাকার ছিল, কারও বাবা ছিনতাইকারী ছিল, কারও বাবা ভূমিদস্যু। তারা (ত্বকী মঞ্চের নেতারা) বলেছে শামীম ওসমান নাকি জামায়াত-হেফাজতে ইসলামকে লালন করেন। এ কথা প্রমাণ করতে পারলে নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাব।’
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শামীম ওসমানের শ্যালক এহসানুল হক বলেন, ‘জামায়াতের প্রেতাত্মারা শামীম ওসমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’ সমাবেশে আরও বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান ও শামসুজ্জামান ভাসানী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম, জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী মাহমুদা মালা প্রমুখ।