শামীম ওসমানের ব্যানার অপসারণ করা হলে হাত কেটে নেওয়ার হুমকি
নারায়ণগঞ্জ পৌর এলাকা থেকে শামীম ওসমানের সমর্থনে লাগানো ব্যানার অপসারণ করা হলে নারায়ণগঞ্জ পৌরসভার এক কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জহিরুল ইসলাম ভুঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ। প্রত্যক্ষদর্শী ও পৌরসভার কর্মচারীদের সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা পৌনে তিনটার দিকে দুটি মোটরসাইকেলযোগে পারভেজ তাঁর তিন ক্যাডারকে নিয়ে নারায়ণগঞ্জ পৌরভবনে যান। সেখানে গিয়ে তিনি প্রধান ফটকের বাইরে থেকে পৌরসভার কর্মচারীদের গালমন্দ করেন ও পৌরসভার স্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন হিরনকে খোঁজ করেন। হিরনকে না পেয়ে ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সামনেই হিরনের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘পৌর এলাকার কোথাও থেকে শামীম ওসমানের কোনো ব্যানার অপসারণ করা হলে হিরনের হাত কেটে নেওয়া হবে। এ সময় পৌর কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’ ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেন, ‘পারভেজের হইচই শুনে মেয়রের কথামতো পৌর ভবনের দোতলায় গিয়ে দেখি, পারভেজ হইচই করছেন। তখন তাঁকে ভেতরে এসে চা খাওয়ার কথা বলি।’ এ সময় পারভেজ গেটের বাইরে থেকেই চিৎকার করে বলেন, ‘মেয়রকে বলে দেবেন, আমার একটা ব্যানার অপসারণ করা হলে ১০ হাজার লোক নিয়ে পৌরসভা ঘেরাও করা হবে।’ তখন তিনি বলেন, ‘সবার ব্যানারই অপসারণ করা হয়েছে। এর মধ্যে আমারও ছিল। তবে শুক্রবার ও আজ (শনিবার) কোনো ব্যানার অপসারণ করা হয়নি। একপর্যায়ে পারভেজ চিৎকার করে বলেন, যদি একটাও ব্যানার খোলা হয়, তাহলে হিরনের হাত কেটে নিয়ে যাব।’নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি শামীম ওসমানকে জানানো হয়েছে। তিনি বলেছেন, বিষয়টি দেখবেন।