শামীম ওসমানের মঞ্চ সরেনি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় সাংসদ শামীম ওসমানের সমর্থকদের নৌকার আদলে তৈরি মঞ্চটি এখনো অপসারণ করা হয়নি। শামীম ওসমান আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১৮ নভেম্বর রাত ১২টার পর থেকে ব্যানার, পোস্টার, বিলবোর্ডসহ কোনো নির্বাচনী প্রচারসামগ্রী কোথাও থাকতে পারবে না। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে নির্বাচনী প্রচারসামগ্রী ব্যবহার করা যাবে।
গত ২৭ নভেম্বর ও গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লার লামাপাড়া এলাকার পূর্বপাড়ে অবৈধ ট্রাকস্ট্যান্ডের পাশে বাঁশ দিয়ে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। ওই মঞ্চে সাংসদ শামীম ওসমানের ছবি-সংবলিত ব্যানার লাগানো রয়েছে। মঞ্চে কয়েকজন যুবককে আড্ডা দিতে দেখা যায়। মঞ্চের নিচে আরও বেশ কয়েকজন যুবক বসে আড্ডা দিচ্ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, গত ১৯ অক্টোবর একটি অনুষ্ঠানের জন্য সাংসদ শামীম ওসমানের সমর্থকেরা মঞ্চটি তৈরি করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মঞ্চটি অপসারণ করা হয়নি। আগামী নির্বাচনে মঞ্চটিকে নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহারের জন্য সেটি ভাঙা হয়নি। ওই মঞ্চে বিভিন্ন লোকজন আড্ডা জমায়। বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা প্রচার করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগের দলীয় প্রার্থী শামীম ওসমান ও তাঁর লোকজন আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাঁদের ব্যানার, ফেস্টুন, নৌকার আদলে তৈরি মঞ্চ সরানো হয়নি। অর্থাৎ সরকারি দলের লোকজন আচরণবিধি মানছেন না। নির্বাচন কমিশনের উচিত সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা।
যোগাযোগ করলে শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপির চেয়ারম্যান শওকত আলী বলেন, মঞ্চটি অনেক আগে তৈরি করা হয়েছিল। সেটি ভাঙা হয়নি। এটা বিধির লঙ্ঘন। এটি সরিয়ে ফেলতে উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে গতকাল জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমানকে কল দিলেও তিনি ধরেননি।