শামীম ওসমানের সমাবেশের 'ড্রোন' এর সন্ধানে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের সমাবেশে আতঙ্ক সৃষ্টিকারী ‘ড্রোন’-এর মালিকের সন্ধানে মাঠে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনিবার সমাবেশ চলাকালে ওপর থেকে একটি ড্রোন উড়ে নিচের দিকে নামতে থাকলে লোকজন এটিকে বোমা মনে করে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হন।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে নগরের চাষাঢ়া সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের উদ্যোগে সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন স্থানের নেতা-কর্মীরা অংশ নেন। বিকেল চারটার দিকে সাংসদের বক্তব্য চলাকালে সমাবেশস্থলে হঠাৎ করে আকাশ থেকে নিচে নামতে থাকে একটি ড্রোন। বোমা মনে করে সমাবেশস্থল থেকে কয়েক শ লোক দৌড়াদৌড়ি শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের কয়েকজন জানিয়েছেন, সমাবেশস্থলের ফুটেজ ও ছবি ধারণ করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে সমাবেশস্থলে আগত লোকজন বোমা মনে করে দৌড়াদৌড়ি শুরু করেছিলেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম বলেন, ‘আমরা কেউ ড্রোন উড়াইনি। তবে অন্য কেউ হয়তো উড়িয়েছে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন বলেন, প্রশাসনের কেউ ড্রোন ব্যবহার করেনি। ড্রোন ওড়াতে হলে
অনুমতির প্রয়োজন হয়। কারা সমাবেশস্থলে ড্রোন উড়িয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।