শামীমকে গুলির অভিযোগে গ্রেপ্তার ৪

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর গুলি ছোড়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের দাবি, রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চলে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মনির, জুয়েল, মেহেদি ও হারুন।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমানের দাবি, মোটরসাইকেলের পেছনে বসে মেহেদি ও হারুন এনামুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
গত ১৯ জুন সকালে ধানমন্ডির ৯/এ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শামীম (৫১)। তাঁর বাঁ হাতে গুলি লাগে।
এনামুল হকের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুরে। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু-ভিপি) সহসভাপতি ছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং রাজধানীর বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।
এনামুল হকের ব্যক্তিগত গাড়ির চালক কামাল হোসেন ঘটনার দিন প্রথম আলোকে বলেন, ‘সকালে স্যারের ১০/এ নম্বর সড়কের বাসা থেকে তাঁকে ধানমন্ডির স্টামফোর্ড ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছিলাম।
সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডির ৯/এ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে হেলমেটবিহীন তিনজন মোটরসাইকেল আরোহী স্যারের মাথা লক্ষ্য করে গুলি করেন। দেখতে পেয়ে স্যার মাথা নামিয়ে ফেলেন। এ সময় গুলি এসে স্যারের হাতে লাগে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।’