শামীমকে গুলির ঘটনায় গ্রেপ্তার আরও ৩
আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীমকে গুলি করার ঘটনার সন্দেহভাজন আরও তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করেছে।
এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নূরে আলম সিদ্দিকী (৪৭), নাজিমুল হক (৩৯) ও রানা হাওলাদার (২৫)। ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই হামলার মূল পরিকল্পনাকারী নূরে আলম সিদ্দিকী।
গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, শামীমকে গুলি করে আহত করার ঘটনা তদন্তে যৌথভাবে মাঠে নামে ডিবি ও র্যাব।
ডিবির এই কর্মকর্তার ভাষ্য, সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে হামলায় ব্যবহূত মোটরসাইকেলের চালক রানাকে শনাক্ত করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর দেওয়া তথ্যে হামলায় অংশ নেওয়া নাজিমুলকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুজনের তথ্যের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর থেকে হামলায় ব্যবহূত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মনিরুল ইসলামের দাবি, গ্রেপ্তার হওয়া নাজিমুল ও রানা জিজ্ঞাসাবাদে জানান, শামীমের ওপর হামলার মূল পরিকল্পনাকারী নূরে আলম সিদ্দিকী। এই তথ্য পেয়ে আজ সকালে নিউ ইস্কাটনের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে নাজিমুল ও রানা বলেছেন, নুরে আলম স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। অনেক দিন আগে তাঁকে ট্রাস্টি বোর্ড থেকে বহিষ্কার করা হয়। এতে শামীমের হাত ছিল বলে সন্দেহ করছিলেন নুরে আলম। এ কারণে তাঁকে গুলির পরিকল্পনা করেন তিনি। হামলার জন্য নাজিমুলের সঙ্গে ছয় লাখ টাকার চুক্তি করেন নুরে আলম। এরপর সন্ত্রাসী ভাড়া করেন তিনি।
এর আগে শামীমের ওপর গুলি ছোড়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মনির হোসেন, জুয়েল, মেহেদি ও হারুন।
গতকাল র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান দাবি করেন, মোটরসাইকেলের পেছনে বসে মেহেদি ও হারুন এনামুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
গত ১৯ জুন সকালে ধানমন্ডিতে বাসা থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে গুলি করে সন্ত্রাসীরা। দুটি গুলি তাঁর হাতে বিদ্ধ হয়।
শামীমের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুরে। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু-ভিপি) সহসভাপতি ছিলেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং রাজধানীর বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।