শামীমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, শোক র্যালি
নারায়ণগঞ্জের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ফারহানা ইসলাম ওরফে রিমির আত্মহননের এক বছর পালিত হয়েছে গতকাল রোববার। এই এক বছরেও ফারহানাকে উত্ত্যক্তকারী ও আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি শামীম মিয়াকে (৩১) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শামীমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
শামীমকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে ফারহানার সহপাঠী ও এলাকাবাসী গতকাল উপজেলার তাহেরপুর গ্রামে শোক র্যালি বের করেন। পরে তাঁরা তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন।
এদিকে আত্মহত্যার প্ররোচনার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন ফারহানার বাবা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আত্মহননের এক বছর অতিবাহিত হলেও পুলিশ শামীমকে গ্রেপ্তার করতে পারেনি। শামীমের আত্মীয়স্বজন আমাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। নয়তো হত্যা করার কথা জানিয়েছেন।’
সোনারগাঁ কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশের পরও পুলিশ এক বছরে কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় আমরা এ মামলা নিয়ে হতাশ হয়ে পড়েছি।’ তিনি অবিলম্বে শামীমকে গ্রেপ্তারের দাবি জানান।
২০১২ সালের ১৭ নভেম্বর সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদী গ্রামের মেধাবী ছাত্রী ফারহানা কলেজের পাশে এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। ওই সময় তাঁর পথ আটকে কুপ্রস্তাব দেন একই গ্রামের বখাটে শামীম। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ফারহানার শ্লীলতাহানি করেন। কিছুক্ষণ পর ওই পথেই কীটনাশক পান করে আত্মহত্যা করেন ফারহানা। মৃত্যুর আগে ফারহানা একটি চিরকুটে লিখে যান তাঁর মৃত্যুর জন্য শামীমই দায়ী।
এ ঘটনায় ফারহানার ভগ্নিপতি হাবিবুর রহমান নারী নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শামীম ও তাঁর বড় ভাই শাহজালালকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। চার মাস আগে পুলিশ শুধু শামীমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, আসামি শামীমকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা হবে।