শামীমের অবস্থার উন্নতি

গুলিবিদ্ধ আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীমের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন শামীমকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে সংকটপূর্ণ পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করেছেন চিকিত্সকেরা।
বিষয়টি নিশ্চিত করে শামীমের ভাই আশরাফুল হক সিয়াম আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘একই হাতে যেহেতু দুটি গুলি লেগেছে, এ জন্য ডাক্তাররা তাঁকে শঙ্কামুক্ত বলছেন না। তবে আমি চিকিত্সক হিসেবে বলতে পারি, তাঁর অবস্থা উন্নতির দিকে।’
গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে শামীমকে লক্ষ্য করে তাঁর ব্যক্তিগত গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। এতে তাঁর বাঁ হাতে দুটি গুলি লাগে।
শামীমের ব্যক্তিগত গাড়িচালক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শামীম তাঁর ব্যক্তিগত গাড়িতে চড়ে ধানমন্ডির ১০/এ বাসা থেকে সিদ্ধেশ্বরীর অফিসে যাচ্ছিলেন। কিছু দূর যেতেই মোটরসাইকেল থেকে তিনজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তাঁর বাঁ হাতে লাগে। প্রথমে তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য বেলা দেড়টার দিকে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।