শামীমের ওপর হামলা: সূত্র মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীমের ওপর হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে কোনো সূত্রই পায়নি তদন্ত সংস্থাগুলো। তবে পুলিশ বলছে, তাঁর ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে এনামুলের চাচা নাসির উদ্দিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন৷ মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি বলে জানান ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক৷
গত বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৯/এ সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম। তাঁর বাঁ হাতে দুটি গুলি লাগে। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
তবে ওই হামলার একটি অস্পষ্ট ভিডিওচিত্র পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তা ক্যামেরায় হামলার চিত্রটি ধরা পড়ে।
ওই ভিডিওচিত্র দেখে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির ইবনে সিনা ডায়াগনস্টিকের মোড় ঘোরার সময় শামীমের গাড়ির গতি কমে আসে। তখন একটি পালসার মোটরসাইকেল গাড়িটির বাঁ দিক দিয়ে গতিরোধের চেষ্টা করে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে মাঝের জনকে শামীমের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। গুলিতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। মোটরসাইকেলের পেছনের ব্যক্তিও অস্ত্র উঁচিয়ে গুলি করে বা গুলি ছোড়ার চেষ্টা করে। এ সময় শামীমের গাড়িটি ডান দিকে মোড় নিলে বাঁ পাশের রাস্তা দিয়ে চলে যায় হামলাকারীরা।
কর্মকর্তারা বলেন, ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবল ঘটনা দেখেছেন। তিনিও একই বর্ণনা দিয়েছেন। তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ওই তিন হামলাকারী ছাড়াও তাদের আরও কিছু সহযোগী ঘটনাস্থলের আশপাশে ছিল।
কর্মীদের সাবধানে থাকতে পরামর্শ: সম্প্রতি দলটির নেতা-কর্মীদের ওপর হামলা বেড়ে যাওয়ায় তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। এনামুল হক শামীমের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।