শামীমের ছায়ায় ভয়ংকর নূর হোসেন

পরিবহনে চাঁদাবাজি, নদী দখল, মাদক ব্যবসাসহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়িত ছিলেন না নূর হোসেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ছয়টি হত্যাসহ ২২টি মামলা আছে। কিন্তু রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কারণে ভয়ংকর এই অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি৷ বরং নারায়ণগঞ্জের পুলিশ-প্রশাসন-র৵াব সবাই তাঁকে তোয়াজ করে চলত বলে অভিযোগ রয়েছে৷
অনুসন্ধানে জানা গেছে, এরশাদ সরকারের আমলে অপরাধ জগতের পা রাখলেও নূর হোসেনের উত্থান শুরু হয় ১৯৯৮ সালে আওয়ামী লীগের নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানের হাত ধরে৷ ওই বছর তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন৷ ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর শামীম ওসমাসের ছত্রচ্ছায়ায় আবারও বেপরোয়া হয়ে উঠেন৷ তবে গত কয়েক বছরে নূর হোসেনের সঙ্গে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক নেতাসহ দুজন মন্ত্রী ও একজন উপদেষ্টার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে৷ মুন্সিগঞ্জের সরকারি দলের একজন সাংসদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল নূর হোসেনের৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ১৯৮৫ সালে ট্রাকচালকের সহযোগী হিসেবে জীবন শুরু করেন নূর হোসেন। পরে নিজেই চালক হন। ১৯৮৮ সালে শিমরাইলে ট্রাক শ্রমিক ইউনিয়নে যোগ দেন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে শ্রমিক ইউনিয়নের দখল নেন। ১৯৯১ সালে যোগ দেন বিএনপিতে৷ এরপর তিনি স্থানীয় বিএনপির নেতা গিয়াসউদ্দিনের সমর্থনে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন৷ এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার দু বছর পর শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় সিদ্ধিরগঞ্জের রাজনীতি ও অপরাধ জগতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকেন তিনি। ২০০১ সালের নির্বাচনের পর শামীম ওসমান দেশ ছাড়লে নূর হোসেনও এলাকা ছাড়েন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১২ মার্চ তাঁকে ধরিয়ে দিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশও জারি করা হয়।
নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগÿক্ষমতায় এলে নূর হোসেন এলাকায় ফেরেন। তখনো পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। কিন্তু ২০০৯ সালের ৮ জুন প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ‘অতি জরুরি’ লিখে একটি চিঠি দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ওই চিঠির অনুলিপি দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবকে। চিঠিতে বলা হয়, ‘নূর হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ২০০৫ সালের ১৬ এপ্রিল সম্পূর্ণ বেআইনিভাবে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে। তিনি যেন আইনের আশ্রয় নিতে না পারেন, সে জন্য তাঁকে ক্রসফায়ারে দেওয়ার চেষ্টাও করা হয়।’
পুলিশ জানায়, এই চিঠির পরই পরিস্থিতি পাল্টে যায়। শামীম ওসমানের সমর্থনপুষ্ট হয়ে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তিনি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি হন। এমনকি কাউন্সিলর নজরুল ইসলাম অপহরণের পর প্রথম দুই দিন তাঁর পক্ষে অবস্থান নিয়েছিলেন শামীম ওসমান।
ওই এলাকা ঘুরে সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের সঙ্গে নূর হোসেনের ছবিসহ অসংখ্য পোস্টার ও বিলবোর্ড দেখা গেছে৷ সর্বশেষ গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের রেলগেটে আওয়ামী লীগের সমাবেশে একই মঞ্চে ছিলেন শামীম ওসমান ও নূর হোসেন।
জানতে চাইলে সাংসদ শামীম ওসমান প্রথম আলোকে বলেন, ‘নূর হোসেন আমার কর্মী ছিল, এটি সত্যি। কিন্তু সে যে এত বড় অপরাধী, সে যে নজরুলকে খুন করে ফেলতে পারে, এটা আমি কল্পনাও করতে পারিনি। এখন আমি সব বুঝতে পারছি। নূর হোসেন খুনি। তার ব্যাপারে আমার অবস্থান বদলেছে। আমি চাই সে দ্রুত গ্রেপ্তার হোক।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, নূর হোসেন একদিনে নূর হোসেন হয়ে ওঠেননি। অনেকেই তাঁকে পৃষ্ঠপোষকতা করেছেন। অনেকেই তাঁর কাছ থেকে অর্থ নিয়েছেন। নারায়ণগঞ্জের প্রশাসনের সাবেক কর্মকর্তাদের অনেকে তাঁর প্রতি অনুগত ছিল।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান জানান, গত শনিবার থানা কমিটির বৈঠকে নূর হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের মহানগর কমিটিতে চিঠি পাঠানো হয়েছে।