শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক শামীমকে সমর্থন দিয়েছেন সাবেক সাংসদ নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা। গতকাল মঙ্গলবার নড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দেন।
জোবায়দা হক যুব মহিলা লীগের ঢাকা দক্ষিণের সদস্য। শরীয়তপুর-২ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এনামুল হক। জোবায়দা হকের বাবা নুরুল হক হাওলাদার ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। এর কয়েক মাস পর তিনি আততায়ীর গুলিতে নিহত হন।
গতকাল সংবাদ সম্মেলনে জোবায়দা হক বলেন, ‘নড়িয়া-সখিপুরের মাটিতে আমার বাবার রক্ত লেগে আছে। এই এলাকার মাটি ও মানুষদের সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক। এই এলাকার উন্নয়ন মাথায় রেখেই তিনি স্বপ্নের জাল বুনেছিলেন। কিন্তু তাঁর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাঁকে হত্যা করা হয়।’
তিনি আরও বলেন, ‘বাবার আদর্শ ধরে রাখতে এখান থেকে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন শামীম ভাইকে। নৌকাকে বিজয়ী করতে তাঁর পক্ষে মাঠে নেমেছি।’
যুবদল নেতা আওয়ামী লীগে
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মাহবুর রহমান ওরফে আক্তার সরকার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত রোববার রাতে সখিপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আওয়ামী লীগের এক কর্মী সভায় তিনি এনামুল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে যুবদলের প্রায় ৫০ জন কর্মী ছিলেন।
বিএনপি সূত্র জানায়, মাহবুর রহমান ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সখিপুর থানা ছাত্রদলের সভাপতি ছিলেন। এ বছর আগস্টে তাঁকে সখিপুর থানা যুবদলের আহ্বায়ক করা হয়। গত ২৭ নভেম্বর শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন ওই আহ্বায়ক কমিটি ভেঙে দেন।