শামীমের বাড়ির সামনের সড়ক সংস্কার শুরু করলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের বাড়ির সামনের রাস্তা ও নালা সংস্কারকাজ শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার শহরের বঙ্গবন্ধু সড়কের শহীদ জিয়া হলের পাশ থেকে উত্তর চাষাঢ়া ছোট মসজিদ পর্যন্ত রাস্তার সংস্কারকাজ শুরুর সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন। উত্তর চাষাঢ়ার হীরা মহল শামীম ওসমানের পৈতৃক বাড়ি।সংস্কারকাজ শুরুর সময় মেয়রের সঙ্গে ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম ও সিটি করপোরেশনের প্রকৌশলীরা। পরে মেয়র শহরের কেন্দ্রস্থল চাষাঢ়া মোড় থেকে নিউ মেট্রো সিনেমা হল পর্যন্ত নবাব সলিমুল্লাহ সড়কের সংস্কারকাজ শুরুর বিষয়টি প্রত্যক্ষ করেন। এ সময় মেয়র সাংবাদিকদের বলেন, নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে তিনি সপ্তাহের নির্দিষ্ট দিনে সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে বসছেন। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যেসব সড়ক ও নালা সংস্কার করা প্রয়োজন, সেগুলোর কাজ শুরু করা হচ্ছে।