শামীমের বিরুদ্ধে এক বছর আগে অভিযোগ, ব্যবস্থা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর গোয়ালদী গ্রামের কলেজছাত্রী ফারহানা ইসলামকে হয়রানি ও তার পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় এক বছরের বেশি সময় আগে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু সে সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।ফারহানার সোনারগাঁ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্লাস বর্জন করে কালো ব্যাজ ধারণ করে। অনেক ছাত্রছাত্রী এ ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে। আবার তার অনেক সহপাঠীকে কান্নাকাটি করতে দেখা যায়। সোনারগাঁ নাগরিক কমিটি গতকাল শামীমের বিচারের দাবিতে বারদী বাজারে মানববন্ধন করেছে।ফারহানার পরিবার ও স্থানীয় লোকজন বলছেন, পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে ফারহানাকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হতো না।শ্লীলতাহানির অপমান সইতে না পেরে গত শনিবার ফারহানা ইসলাম আত্মহত্যা করে। এর আগে শামীম মিয়া (৩১) নামের স্থানীয় যুবক প্রকাশ্যে তাঁর শ্লীলতাহানি করেন। ফারহানা সোনারগাঁ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।মেয়েটির পরিবার ও এলাকাবাসী প্রথম আলোকে বলেন, ফারহানার আত্মহত্যার আগে যদি শামীম মিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতো, তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না।ফারহানার বাবা কৃষক রফিকুল ইসলাম গতকাল বলেন, দুই বছর ধরে একই গ্রামের শামীম মিয়া তাঁর মেয়েকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু অশিক্ষিত গাড়িচালক শামীম মিয়ার প্রস্তাবে তাঁরা রাজি হননি। তিনি বলেন, ‘প্রস্তাব প্রত্যাখ্যান করায় ও আমি নিরীহ হওয়ায় গত বছরের জুলাই মাসে শামীম আমার বাড়িতে এসে ফারহানাকে তুলে নেওয়ার চেষ্টা করে। আমার পরিবারের সদস্যরা এতে বাধা দেওয়ায় শামীম ও তার সঙ্গীরা তাঁদের পিটিয়ে আহত করে।’রফিকুল ইসলাম বলেন, ওই দিনই তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনাটি তদন্তের আশ্বাস দিলেও তদন্ত করেনি বা শামীমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে তিনি জানতে পারেন, পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে। তবে সেই কাগজও তাঁকে দেওয়া হয়নি। তিনি বলেন, ওই সময় স্থানীয় কয়েকজন মাতবর সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন। পরে সালিসে শামীম মিয়াকে অভিযুক্ত করে জুতাপেটা ও জরিমানা করা হয়।সালিসকারীদের অন্যতম মাহফুজুর রহমান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠক হয়। সেদিন শামীম অঙ্গীকার করেন, তিনি আর কোনো দিন ফারহানাকে কোনো প্রস্তাব দেবেন না। কিন্তু তিনি কথা রাখেননি। এ জন্যই ফারহানা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে।স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ওই সময় তৎপরতা দেখালে হয়তো শামীম এত সাহস পেত না।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ওই সময়ে আমি এই থানায় ছিলাম না। তবে থানার নথিপত্র পর্যালোচনা করে আমি বিষয়টি খতিয়ে দেখব। এতে পুলিশের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’সোনারগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে বখটে যুবকেরা আমাদের কলেজের আশপাশে মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। ফারহানার বিষয়টিও আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু সে সময় পুলিশ ব্যবস্থা নেয়নি।’