শামুক ও পাখি নিধন রোধে অভিযান
শামুক ও পাখি নিধন রোধে গতকাল মঙ্গলবার পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। অভিযানে বিভিন্ন প্রজাতির ২৬টি পাখি, ১৮ বস্তা শামুক ও পাখি শিকারে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম।
মোল্যা রেজাউল করিম জানান, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন না মেনে চলনবিল বিস্তৃত চাটমোহর, গুরুদাসপুর ও তাড়াশের বিভিন্ন এলাকায় অবাধে বিভিন্ন প্রজাতির পাখি ও শামুক নিধন করা হচ্ছে। বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পাখি নিধন করে বিক্রি করছেন। এ ছাড়া নিষেধ সত্ত্বেও শামুক ধরে মাছের খাদ্য হিসেবে অন্য জেলায় পাচার করছেন। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গত সোমবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত এসব এলাকায় অভিযান চালায়। অভিযানে বিভিন্ন প্রজাতির ছয়টি বক, নয়টি কোড়া, পাঁচটি ঘুঘু, ছয়টি ডাহুক, ৩৫টি কুইচা, ১৮ বস্তা শামুক, ১০টি পাখি শিকারের ফাঁদ ও বেশ কিছু কারেন্ট জাল জব্ধ করা হয়। এ ছাড়া শামুক নিধনের অপরাধে পাবনার টেবুনিয়া এলাকার শামুক ব্যবসায়ী সুবাস চন্দ্র ও বাচ্চু হোসেনের কাছ থেকে তিন হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোল্যা রেজাউল করিম আরও জানান, আইন থাকা সত্ত্বেও অজ্ঞতার কারণে অনেকেই অন্যায় করেন। অভিযানে বন্য প্রাণীগুলো জব্দ করার পাশাপাশি শিকারিদের আইনগুলো বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীকালে তাঁরা যেন পাখি নিধন না করেন, সে বিষয়েও প্রতিজ্ঞা করানো হয়েছে। এখন জব্ধ করা পাখিগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বনে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বর্ষার পানি কমার সঙ্গে সঙ্গে পাবনার বিভিন্ন বিল ও ফসলের জমি থেকে অবাধে শামুক ধরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন গড়ে মারা পড়ছে প্রায় ২৫০ টন শামুক। এ নিয়ে গত ২৪ সেপ্টেম্বর ‘অবাধে চলছে শামুক নিধন’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।