শামুক ঝিনুক পণ্যের বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে কয়েক মাস ধরে পর্যটক নেই। এ কারণে সৈকত পাড়ের পাঁচ শতাধিক দোকানে শামুক-ঝিনুক দিয়ে তৈরি নানা পণ্যের বেচাবিক্রিও বন্ধ রয়েছে। এতে এই ব্যবসার সঙ্গে জড়িত অন্তত ৭০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা বলেন, বিএনপিসহ ১৮ দলের টানা দুই মাসের (নভেম্বর-ডিসেম্বর-২০১৩) অবরোধ ও হরতাল কর্মসূচিতে সৈকত একেবারে পর্যটক শূন্য হয়ে পড়ে। অবরোধ কর্মসূচি না থাকায় গত ১৬ জানুয়ারি থেকে দৈনিক পাঁচ শ থেকে এক হাজার করে পর্যটক সৈকত ভ্রমণে এলেও শামুক-ঝিনুক পণ্যের তেমন বিক্রি হচ্ছে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট ঘুরে দেখা গেছে, কয়েক শ পর্যটক সমুদ্রে নেমে গোসল করছেন। কিন্তু পাশের বালুচরে সারিবদ্ধভাবে রাখা তিন শতাধিক শামুক-ঝিনুক পণ্যের দোকানপাটে কেউ যাচ্ছেন না। দোকানিরা শামুক-ঝিনুক পণ্য পলিথিন দিয়ে মুড়িয়ে বসে আছেন।
ঝিনুক বিক্রেতা সাইফুল আলম (১৯) জানান, গত বছর এই সময়ে সৈকতে লাখো পর্যটকে ভরপুর ছিল। তখন দৈনিক ৪০-৪৫ হাজার টাকার শামুক-ঝিনুক পণ্য বিক্রি হতো। আর এখন সৈকতে পর্যটক নেই। তাই বেচাবিক্রিও বন্ধ। পর্যটক না এলে হাজার হাজার কর্মচারীর না খেয়ে থাকতে হবে। একটি দোকানের কর্মচারী মনছুর আলম (২৩) জানান, গত ডিসেম্বর মাসে বিক্রির জন্য এই দোকানে দেড় লাখ টাকার শামুক-ঝিনুক পণ্য মজুত রাখা ছিল। কিন্তু টানা অবরোধ-কর্মসূচির কারণে ডিসেম্বর মাসে পর্যটক আসতে পারেনি। এ কারণে এবার সৈকতে বর্ষবিদায় উৎসবও হয়নি। এতে শামুক-ঝিনুক পণ্য ব্যবসায়ীরাই বেশি ক্ষতির সমঞ্চুখীন হন।
সৈকতের ঝিনুক হকার সমিতির সভাপতি নুরুল আলম বলেন, ‘শামুক-ঝিনুক পণ্যের রমরমা বাণিজ্য হয় ডিসেম্বর মাসে। কারণ এই মাসে সারা দেশের মানুষ সৈকত ভ্রমণে আসে। তখন স্কুল-কলেজও বন্ধ থাকে। এখন আমরা ১০১ প্রজাতির শামুক-ঝিনুক পণ্য নিয়ে পর্যটকদের অপেক্ষায় আছি। পর্যটক না এলে পাঁচ শতাধিক দোকানে মজুত করা কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপাকে পড়তে হবে।