শারজায় নিহত চার বাংলাদেশির লাশ আসবে কাল
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অগ্নিকাণ্ডে নিহত আরও চার বাংলাদেশির লাশ আগামীকাল শুক্রবার সকালে দেশে এসে পৌঁছবে।
নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের আহমেদ ফকিরের ছেলে জাকির হোসেন, হুসাইন দেওয়ানের ছেলে আলী আকবর, গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার ও ফরিদপুরের মোসেলেম ব্যাপারীর ছেলে মিজানুর। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) জাহিদ আনোয়ার প্রথম আলো ডটকমকে জানান, এ বছরের ২ জুন একটি রাসায়নিক গুদামে আগুনে পুড়ে মর্মান্তিকভাবে ছয় বাংলাদেশি মারা যান। এর মধ্যে খবির উদ্দিন ও আলানি মল্লিকের লাশ চিহ্নিত করে ঘটনার পরপরই দেশে আনা হয়। কিন্তু বাকি চারজনের পোড়া এতটাই মারাত্মক ছিল যে, কোনোভাবেই তাঁদের চিহ্নিত করা যাচ্ছিল না। পরে বাংলাদেশ থেকে পরিবারের ডিএনএ নমুনা পাঠিয়ে বাকি চারজনকে চিহ্নিত করা হয়। কাল সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাঁদের লাশ আনা হচ্ছে।