শারজায় নিহত চার বাংলাদেশির লাশ এসেছে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজায় অগ্নিকাণ্ডে নিহত চার বাংলাদেশির লাশ গতকাল শুক্রবার সকালে দেশে পৌঁছেছে। পরে তাঁদের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নিহত চারজন হলেন শরীয়তপুরের আহমেদ ফকিরের ছেলে জাকির হোসেন, হুসাইন দেওয়ানের ছেলে আলী আকবর, গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার ও ফরিদপুরের মোসলেম ব্যাপারীর ছেলে মিজানুর। বিমানবন্দরে লাশ হস্তান্তরের সময় দাফনের জন্য প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। তাঁদের লাশ গতকালই দাফন করা হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) জাহিদ আনোয়ার জানান, চলতি বছরের ২ জুন একটি রাসায়নিক গুদামে পুড়ে আগুনে ছয় বাংলাদেশি মারা যান। তাঁদের মধ্যে খবির উদ্দিন ও আলানি মল্লিকের লাশ শনাক্ত করে ঘটনার পরপরই দেশে আনা হয়।