শারদীয় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব আজ সোমবার শুরু হচ্ছে। আজ ষষ্ঠী। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা শুরু। আগামী চার দিন ধরে এ উৎসব চলবে।
সারা দেশের পূজামণ্ডপগুলো আজ থেকে ঢাকের বাদ্যে মুখরিত থাকবে। পূজারি ও ভক্তরা উদ্বেলিত হবেন দেবী মহামায়ার অধিষ্ঠানে। সবাই শামিল হবে পৃথিবীর সব আসুরিক শক্তির বিরুদ্ধে বিজয় ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনায়।
মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে ষষ্ঠী বিহিত পূজা হবে। সায়ংকালে হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। মেলাঙ্গনে সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান হবে।
১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষের সূচনা হয়। সনাতন হিন্দুদের ধর্মবিশ্বাস অনুসারে, দেবী দুর্গা তাঁর সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। গতকাল রোববার সায়ংকালে ছিল দেবীর বোধন। ২০ অক্টোবর মহাসপ্তমী, ২১ অক্টোবর মহাষ্টমী এবং ২২ অক্টোবর মহানবমী ও বিজয়া দশমী উদ্যাপিত হবে। তবে এবার তিথি অনুসারে মহানবমী ও বিজয়া দশমী একই দিনে পড়ায় পূজা উদ্যাপন পরিষদ ২৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের দিন নির্ধারণ করেছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, সবার অংশগ্রহণে শারদীয় দুর্গা উৎসব সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে। প্রধানমন্ত্রী বাণীতে বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।