শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী
শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি সম্পন্ন। মণ্ডপে মণ্ডপে প্রতিমার সাজ। আজ বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশে হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এবার সারা দেশে প্রায় ২৮ হাজার ৫০০ পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে রাজধানীতে প্রতিষ্ঠিত হয়েছে ২১৪টি পূজামণ্ডপ।
আজ পূজা শুরুর প্রথম দিনে দেবী দুর্গার ষষ্ঠীপূজা। এই পূজার অংশ হিসেবে সকালে রয়েছে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। আগামী সোমবার উৎসবের পঞ্চম দিনে বিজয়া দশমীতে পূজার সমাপ্তি এবং প্রতিমা বিসর্জন হবে। এবার দেবীর আগমন ঘটেছে দোলায়। দেবীর গমন হবে গজে চড়ে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।
রাজধানীর প্রধান মণ্ডপগুলোর মধ্যে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনের পূজা অন্যতম। আজ বিকেল সাড়ে পাঁচটায় এখানে সর্বজনীন পূজা কমিটির কেন্দ্রীয় পূজা উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংবাদ সম্মেলন: সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের দিনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ব্যবস্থার দাবি জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। এ ছাড়া প্রতি পূজামণ্ডপ ও মণ্ডপগামী সড়কগুলোয়, বিশেষ করে রাতের বেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও দাবি জানায় কমিটি। দুর্গাপূজা শুরুর আগে গতকাল বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কমিটির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী। বক্তব্য দেন সভাপতি বাসুদেব ধর ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি কাজল দেবনাথ।