শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী
দেবীর আগমনী বার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে। মণ্ডপে মণ্ডপে প্রতিমার সাজ। আজ শুক্রবার থেকে রাজধানীসহ সারা দেশে শুরু হবে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। আজ শুক্রবার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, আজ ৭ অক্টোবর সায়ংকালে দেবীর বোধন ও মহাষষ্ঠী পূজা হবে। ৮ তারিখ নবপত্রিকা প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী বিহিত পূজা। ৯ তারিখ মহাষ্টমী। কুমারী পূজা, সন্ধিপূজা। ১০ তারিখ মহানবমী পূজা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে ১১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন। দেবী স্বর্গালোকে বিদায়ও নেবেন এই ঘোড়ায় চড়ে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপ চট্টগ্রামে। রাজধানীতে পূজা হবে ২২৯টি মণ্ডপে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর প্রধান মণ্ডপগুলোর মধ্যে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনের পূজা অন্যতম। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্দিরের সামনের মাঠজুড়ে প্যান্ডেল স্থাপন ও সাজসজ্জা করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে শেষ করতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’